প্রেস বিজ্ঞপ্তি
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ
পেশাগত দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্য কর্তৃক সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা ও মারধরের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে সেন্ট্রাল রিপোর্টার্স সোসাইটি (CRS)।
গণমাধ্যমকর্মীরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে জনস্বার্থে ও সত্য উদঘাটনে মাঠে কাজ করেন। সংবাদ সংগ্রহের সময় তাঁদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংবিধানিক অধিকারের ওপর সরাসরি আঘাত। কোনো অবস্থাতেই দায়িত্বরত সাংবাদিকদের ওপর বলপ্রয়োগ গ্রহণযোগ্য নয়।
সেন্ট্রাল রিপোর্টার্স সোসাইটির (CRS) পক্ষ থেকে এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দায়ী পুলিশ সদস্যদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিভাগীয় ও আইনি শাস্তির জোর দাবি জানানো হচ্ছে। একইসাথে আহত সাংবাদিকদের সুচিকিৎসা নিশ্চিতকরণ এবং সারাদেশে কর্মরত গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা বিধানে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।
